নিজস্ব প্রতিবেদক:-
নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনা নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন মো. নুর উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজমিন আক্তার লিজা (২০) মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নাজিম উদ্দিন স্থানীয় একজন ফার্নিচার ব্যবসায়ী। তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে হলেও দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় বসবাস করছেন।
অন্যদিকে, বর ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে সেখানে একটি রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করেন।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারকে বিষয়টি জানালে উভয় পক্ষই বিয়েতে সম্মতি দেয়।
প্রেমের টানে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর লিজার পরিবারের সদস্যরা তাঁকে মোহনগঞ্জে নিয়ে যান। এরপর ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে অ্যাফিডেভিটের মাধ্যমে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের আইনগত ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নবদম্পতির বিয়ের আনুষ্ঠানিক আয়োজন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কনের বাড়িতে বিয়ের মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং আত্মীয়-স্বজনদের মধ্যে নিমন্ত্রণপত্র বিতরণ চলছে।
সম্প্রতি আন্তর্জাতিক বিয়ের নামে প্রতারণার নানা ঘটনার কারণে শুরু থেকেই সতর্ক ছিলেন কনের পরিবার। লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, চীনা দূতাবাস ও ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছিল। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিয়ে সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র প্রস্তুত করে লিজাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে, চীন থেকে আসা এই বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমদিকে আন্তর্জাতিক প্রতারণার খবরের কারণে কিছুটা শঙ্কা থাকলেও সব তথ্য যাচাইয়ের পর সেই সংশয় কেটে গেছে। তারা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের প্রত্যাশা করেছেন।
দেশ বাংলা টিভি ডেক্স